সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:১৬, ৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) / ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুধবার দুপুরে দুবাইয়ে আইসিসির বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে বিসিবি সভাপতি বলেন,“হ্যাঁ, মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।”এর আগে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমনকি ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদিন ফাহিমও মন্তব্য করা থেকে বিরত থাকেন।
বোর্ড সভাপতির নিশ্চিতকরণের পর সালাউদ্দিনের পদত্যাগ নিয়ে আর কোনো অনিশ্চয়তা রইল না। এখন কেবল বাকি রয়েছে আনুষ্ঠানিক ঘোষণার প্রক্রিয়া।
আজ সকালে সালাউদ্দিনকে বিসিবি ভবনে দেখা গেছে। অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো সেদিনই পদত্যাগপত্র জমা দিতে গেছেন। তবে জানা গেছে, তিনি ইতোমধ্যেই তা আগে জমা দিয়েছেন—আজ কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়েছিলেন।
মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিসিবির ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও তিনি আয়ারল্যান্ড সিরিজ শেষ করেই দল ছাড়বেন বলে জানা গেছে।
দেশের অন্যতম সফল স্থানীয় কোচ সালাউদ্দিন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বিভিন্ন পর্যায়ে কোচিংয়ের দায়িত্বে ছিলেন এবং বেশ কিছু শীর্ষ ক্রিকেটারের গাইড হিসেবেও পরিচিত।
