ইউরোপ যুদ্ধ চাইলে ‘আমরা প্রস্তুত’: পুতিনের কড়া হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৫৫, ৩ ডিসেম্বর ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন—“ইউরোপ যদি যুদ্ধ শুরু করে, আমরা এখনই প্রস্তুত।” মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রচেষ্টায় ইউরোপ বারবার বাধা দিচ্ছে এবং শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) মস্কোয় আয়োজিত ভিটিবি ইনভেস্টমেন্ট ফোরাম “রাশিয়া কলিং!” অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন এই মন্তব্য করেন। এ সময় বিশেষ আলোচনার জন্য মস্কো অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার।
পুতিন বলেন,“আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না। কিন্তু ইউরোপ যদি যুদ্ধের পথে হাঁটে, আমরা এখনই প্রস্তুত।”তার দাবি, ইউরোপীয় নেতারা মার্কিন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং শান্তির কোনো বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করছে না।
তিনি আরও বলেন,“তাদের কোনো শান্তির এজেন্ডা নেই। তারা যুদ্ধের পক্ষেই দাঁড়িয়েছে।”যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানে একটি ২৮ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে, যা ইউক্রেন ও ইউরোপের চাপের মুখে পরে সংশোধন করেছে ওয়াশিংটন।
ইউরোপের আশঙ্কা—এই পরিকল্পনা কিয়েভকে রাশিয়ার শর্ত মানতে বাধ্য করতে পারে, বিশেষ করে ভূখণ্ড ইস্যুতে। পুতিনের অভিযোগ, ট্রাম্প পরিকল্পনায় ইউরোপের সংশোধনগুলো ইচ্ছাকৃতভাবে শান্তি প্রক্রিয়া নষ্ট করতে করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি দল এখন মস্কো ও কিয়েভ—দুই পক্ষের সম্মতি নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা করছে। প্রায় চার বছরের যুদ্ধ ইউরোপকে অর্থনৈতিক ও সামরিকভাবে বিপর্যস্ত করে তুলেছে; আর রাশিয়া বলছে, “অন্যায্য শর্তের শান্তি কখনোই মেনে নেওয়া হবে না।”
নাটো ও ইউরোপীয় দেশগুলো বলছে—“যেকোনো শান্তি চুক্তি অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে; ইউক্রেনকে কোনো চাপিয়ে দেওয়া সমাধান গ্রহণ করতে বাধ্য করা যাবে না।”
