ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন: উজমা খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:২২, ২ ডিসেম্বর ২০২৫
ডা. উজমা খান। ছবি : জিও টিভি নিউজ।
পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন ডা. উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। এতে গত কয়েক সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে যে নানামুখী জল্পনা–কল্পনা চলছিল, তার অনেকটাই থেমে যায়।
কারাগারের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের উজমা বলেন, “ইমরান ভাই পুরোপুরি সুস্থ আছেন। পরে আমার বোনদের—আলিমা ও নরিন খানের সঙ্গে আলোচনা করে আরও বিস্তারিত জানাবো।”
এর আগে আনুষ্ঠানিকভাবে তাকে জানানো হয় যে তিনি কারাগারের ভেতরে গিয়ে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। অনুমতি পেয়ে তিনি আদিয়ালার উদ্দেশে রওনা হন এবং সাক্ষাৎ শেষে স্বস্তি প্রকাশ করেন।
এদিকে ইমরান খানের সাক্ষাৎকে কেন্দ্র করে আদিয়ালা কারাগার ও আশপাশের এলাকা রাখা হয়েছে উচ্চ সতর্কতায়।
কারাগার রোডে বসানো হয়েছে পাঁচটি অতিরিক্ত চেকপোস্ট। মোতায়েন রাখা হয়েছে জেলা পুলিশের ১২টি থানার সদস্য, নারী পুলিশ, এবং ৭০০–এর বেশি আইন–শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। তাদের সঙ্গে রয়েছে অ্যান্টি–রায়ট সরঞ্জাম। কঠোর তল্লাশির পরই যানবাহনকে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
কারা সূত্র বলছে, নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনার মধ্যে ছিলেন। তবে বোন উজমার সাম্প্রতিক মন্তব্যে তার স্বাস্থ্যজনিত সব জল্পনার ইতি ঘটেছে বলে মনে করা হচ্ছে। সূত্র: জিও নিউজ
