ইন্দোনেশিয়ায় জুমার নামাজে বিস্ফোরণ, আহত অন্তত ৫৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:৩৯, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১৯, ৭ নভেম্বর ২০২৫
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জুমার নামাজ চলাকালে এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: টাইমস অফ ইন্ডিয়া
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জুমার নামাজ চলাকালে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৫৪ জন মুসল্লি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশপ্রধান আসেপ এদি সুউহেরি জানান, জাকার্তার উত্তরাঞ্চলের কেলাপা গাডিং এলাকার একটি স্কুল প্রাঙ্গণে অবস্থিত মসজিদে স্থানীয় সময় দুপুরে এই বিস্ফোরণ ঘটে। নামাজ চলাকালে হঠাৎই প্রবল শব্দে বিস্ফোরণ হলে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, “আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছি এবং বিস্ফোরণের উৎস অনুসন্ধান করছি।”
স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভি ও মেট্রো টিভি জানিয়েছে, বিস্ফোরণের পর পুলিশ পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং উদ্ধারকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যায়। ঘটনাস্থলে এখনো নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চ্যানেলগুলোর সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মসজিদের বাইরে অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং পুলিশ এলাকা কর্ডন করে রেখেছে। তবে মসজিদ ভবনে বড় ধরনের ধ্বংসের চিহ্ন দেখা যায়নি।
এদিকে, জাকার্তা প্রশাসন জানিয়েছে, এটি পরিকল্পিত হামলা নাকি গ্যাস বা বৈদ্যুতিক যন্ত্রের দুর্ঘটনা—তা নিশ্চিত হতে সময় লাগবে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, কোনো বিস্ফোরক পদার্থের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
