আইএলটি–২০ জমকালো উদ্বোধন: আলি জাফরের আগুনঝরা শো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬:৪৭, ৩ ডিসেম্বর ২০২৫
আলি জাফরের আগুনঝরা লাইভ পারফরম্যান্স—আইএলটি–২০ উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের উন্মাদনা ছড়াল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম মঙ্গলবার রাতে রূপ নিল আলো–আতশবাজির মহাউৎসবে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদ্যাপন এবং আইএলটি–২০ এর চতুর্থ আসরের উদ্বোধন—দুটি উৎসব একাকার করে হাজারো দর্শকের সামনে আয়োজন করলো বিশ্বের অন্যতম বর্ণিল টি–টোয়েন্টি লিগের নতুন মৌসুম।

জিও টিভির বরাতে জানা যায়, রাতের সবচেয়ে বড় চমক ছিলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা গায়ক আলি জাফর। পরপর বেশ কয়েকটি হাই–এনার্জি গান পরিবেশন করে তিনি স্টেডিয়ামকে পরিণত করেন কনসার্ট ভেন্যুতে। তার পারফরম্যান্স শেষ হতেই স্টেডিয়ামের মাথার ওপর বিস্ফোরিত হয় ন্যাশনাল ডে–থিমের আতশবাজি, আর আলোয় ঝলসে ওঠে পুরো “রিং অফ ফায়ার”।
স্টেডিয়ামের টার্ফ মুহূর্তেই ঢেউ তোলে লাল–সবুজ–সাদা–কালো ধোঁয়ার রঙিন পর্দায়—যা ইউএই পতাকার চার রঙের প্রতীক। দর্শকেরা জানান, আইএলটি–২০ ইতিহাসে এত প্রাণবন্ত ও রঙিন উদ্বোধন তারা আগে দেখেননি।
স্টেডিয়াম চত্বরও ছিল উৎসবের অংশ। এবারের উদ্বোধনীকে বড়দিন ও শীতকালীন উৎসবের সঙ্গে মিলিয়ে ডিজাইন করা হয়েছে ‘ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ড’, যেখানে পরিবার–ভিত্তিক দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে সারাদিন।
এবারের আইএলটি–২০ পাকিস্তানি দর্শকদের কাছে আরও বিশেষ। দেশের তিন তারকা—নাসিম শাহ, ফখর জামান এবং হাসান নবাজ—একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। বিশেষ করে নাসিম শাহ–র দলবদল এবার লিগে বাড়তি উত্তেজনা এনেছে।
১৫০ কিমি গতির আগুন–ঝরা বোলিংয়ের জন্য পরিচিত নাসিম এবার খেলবেন ডেজার্ট ভাইপার্স–এর হয়ে। দলের অধিনায়ক লকি ফার্গুসন জিও টিভিকে বলেছেন—“নাসিম শাহের পেস এ মৌসুমে বড় প্রভাব ফেলবে। তাকে দলে পেয়ে আমরা আরও শক্তিশালী।”
নাসিমকে ঘিরে পাকিস্তানজুড়ে উত্তেজনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা—এই লিগ কি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে?
আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের কারণে আইএলটি–২০ এবার এগিয়ে আনা হয়েছে ডিসেম্বর–জানুয়ারি উইন্ডোতে। এতে সংযুক্ত আরব আমিরাতের উৎসবের মৌসুম, পর্যটকের ভিড় এবং ক্রিকেট–উন্মাদনার সঙ্গে মিলেছে এক অনন্য সমন্বয়।
জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে পুরো লিগ জিও সুপার–এ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা ঘরে বসেই উপভোগ করছেন আইএলটি–২০–এর রঙিন আবহ।
