মারিয়া মান্দার দুর্দান্ত ভলি, ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:০২, ২ ডিসেম্বর ২০২৫
মারিয়া মান্দার দুর্দান্ত ভলি, ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের বিপক্ষে মাঠে নেমে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ নারী ফুটবল দল। এই প্রথমবার কোনো ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলল লাল-সবুজের মেয়েরা।
আর সেই ঐতিহাসিক ম্যাচেই দারুণ এক ভলিতে স্কোরশিটে নাম তুললেন অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দা। তার দুর্দান্ত গোলেই ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ১–১।
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে আজারবাইজানের বিপক্ষে দল সাজান কোচ পিটার বাটলার। শুরুর একাদশে ফেরানো হয় তহুরা খাতুন, স্বপ্না রানী ও নবিরন খাতুনকে। পরিবর্তনগুলো মাঠে ইতিবাচক প্রভাব ফেলে—আগের ম্যাচের তুলনায় খেলা হয় বেশি গতিময়, ছন্দময়।
তবুও ১৯ মিনিটে প্রতিপক্ষ এগিয়ে যায়। ডানদিক থেকে আসা ক্রসে দারুণ একটি হেডে গোল করেন আজারবাইজানের অধিনায়ক জাফারজাদা।
গোল খেয়ে দমে যায়নি বাংলাদেশ। উল্টো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দল।৩৪ মিনিটে স্বপ্না রানীর কর্নার এক হাতে ফিস্ট করে বার করে দিতে চেয়েছিলেন আজারবাইজান গোলরক্ষক শারিফোভা আইতাজ। কিন্তু বলটি এসে পড়ে বক্সের মাথায় অবস্থান নেওয়া মারিয়া মান্দার সামনে।
বলটি থামিয়ে এক মুহূর্তে ঘুরে বাম পায়ের দুর্দান্ত ভলি—বল সোজা গিয়ে জড়িয়ে যায় জালে! বলটি জালে লেগে ওঠার মুহূর্তে আজারবাইজানের খেলোয়াড় ও কোচদের দৃষ্টিতে স্পষ্ট ছিল বিস্ময়। গোলটি বাংলাদেশকে ফেরায় ম্যাচে এবং উজ্জীবিত করে দলকে।
বাংলাদেশ একাদশ
রূপনা চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও নবিরন খাতুন।
