জাহানারার অভিযোগের ‘প্রভাবমুক্ত’ তদন্ত চাইলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৪৪, ৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:২৩, ৮ নভেম্বর ২০২৫
মাশরাফি বিন মর্তুজার ফেসবুক পেইজের স্ক্রিনশট
বাংলাদেশ নারী ক্রিকেটের অভিজ্ঞ পেসার জাহানারা আলমের সাম্প্রতিক যৌন হয়রানির অভিযোগে বিসিবিকে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) তদন্তে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মাশরাফি লেখেন, “বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।”
মাশরাফির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম অস্ট্রেলিয়া থেকে একটি ভিডিওবার্তায় অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর কাছ থেকে যৌন হয়রানির শিকার হয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিসিবি বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।
মাশরাফির আহ্বান অনুযায়ী, ক্রীড়াঙ্গনের অনেকেই এখন আশা করছেন—বিসিবি যেন তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখে এবং নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
