শেষ হলো তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৬, ২ ডিসেম্বর ২০২৫
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লির ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিশাল ইজতেমা ময়দান। চূড়ান্ত দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি।
সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। দোয়ার সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে সমগ্র টঙ্গী এলাকা। সারা মাঠজুড়ে কান্না, আবেগ আর মোনাজাতে মিলেমিশে সৃষ্টি হয় আধ্যাত্মিক পরিবেশ।
দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।
বিষয়টি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি অতিথি অংশ নেন। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে—পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, ইউএই, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।
ইজতেমা চলাকালে ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
দোয়া শেষে হাজারো চিল্লার জামাত এবং ৩ চিল্লার জামাত আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বের হয়ে যান। অন্যরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনতের জন্য নিজ নিজ মহল্লায় ফিরে যান।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
