আশা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২২, ৩ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জামায়াত আমির। ছবি: সমাজকাল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতির বিষয়ে জানতে চান জামায়াত আমির। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য এবং পরিবারের প্রতি শক্তি ও ধৈর্য কামনা করে দোয়া করেন।
হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, “খালেদা জিয়া এখনও কঠিন পরিস্থিতিতে লড়াই করে যাচ্ছেন। যেহেতু তিনি এখনও সার্ভাইভ করছেন, তাই আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।”
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির পক্ষ থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
