উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছি: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪৪, ২ ডিসেম্বর ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরীক অবস্থাকে ঘিরে ‘কিছুটা আলোর রেখা দেখতে পাচ্ছেন’ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, জানতে পারলাম যে তিনি (খালেদা জিয়া) চিকিৎসা নিতে পারছেন। অনেক সংকট ও উদ্বিগ্নের মধ্যেও এটা ‘কিছুটা হলেও আলোর রেখা’।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে যুবদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থতার জন্য জনগণ আকুলতা প্রকাশ করছে।
রিজভী অভিযোগ করেন, “সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিলে আজকের অবস্থা হতো না।”
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
সর্বশেষ গত ১০ দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে এখন ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনসহ ৩টি আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে।
