একই দিনে গণভোটে আপত্তি নেই: জামায়াতসহ আট দলের সম্মতি
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৩, ২ ডিসেম্বর ২০২৫
একই দিনে গণভোটে আপত্তি নেই: জামায়াতসহ আট দলের সম্মতি। ছবি: সংগৃহীত
দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে একই দিনে গণভোট আয়োজনের বিষয়ে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত সমমনা আট দলের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আসন্ন বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় আব্দুল হালিম বলেন, “প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে আমরা সম্মান করি। জুলাই সনদ বাস্তবায়নের বৈধতা নিশ্চিত করতে গণভোট অত্যাবশ্যক। আলাদা দিনের প্রস্তাব ছিল, তবে জাতীয় স্থিতিশীলতার বড় স্বার্থে একই দিনে গণভোটে রাজি হয়েছি।”
জাতীয় পার্টির ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, “জাতীয় পার্টির তোষামোদি রাজনীতিই শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনকে টিকিয়ে রেখেছিল। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের অগণতান্ত্রিক নির্বাচনে জনগণের ম্যান্ডেট ব্যাহত করার অন্যতম দায় তাদের।”
তিনি দাবি করেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধে জনগণের মধ্যে এখন ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অবস্থা এমন হয়েছে যে, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করাও এখন সাধারণ মানুষের গণদাবি হয়ে দাঁড়িয়েছে।
আসন্ন রংপুর বিভাগীয় গণসমাবেশ নিয়ে মাওলানা হালিম বলেন, আট দলের নেতাকর্মীরা আন্তরিকতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, কয়েক লাখ মানুষের উপস্থিতি এবারের সমাবেশকে নতুন মাত্রা দেবে।
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী যে প্রার্থনা হচ্ছে, তা জাতিগত ঐক্য ও রাজনৈতিক সৌহার্দ্যের উদাহরণ। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার পরিবেশ তৈরি হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
তার দাবি, খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন, যা তাকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এক উচ্চতায় নিয়ে গেছে।
