খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১২, ২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০২:০৯, ৩ ডিসেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন তিন বাহিনীর প্রধানরা। ছবি: সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন তিন বাহিনীর প্রধানরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ আজ মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, তাদের চেয়ারপারসনের শারীরিক অবস্থা
‘সংকটময়’। এরপর থেকেই খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও দোয়া প্রার্থনা করছেন।
প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চেয়ে বিবৃতি দিচ্ছেন।
