বিডিআর হত্যাকাণ্ড;
কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৩, ২ ডিসেম্বর ২০২৫
বিডিআর হত্যাকাণ্ড; কমিশনের সুপারিশ বাস্তবায়নের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার / কোলাজ ছবি
বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশগুলো ‘অবশ্যই বাস্তবায়ন করা হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রতিবেদনটি অত্যন্ত বড় ভলিউমের। পুরোটা এখনো পড়া হয়নি। তবে যা পড়েছি—সেখানে খুব ভালো সুপারিশ রয়েছে। সবগুলোই অবশ্যই বাস্তবায়ন করবো।”
প্রতিবেদনটির কোথাও পার্শ্ববর্তী একটি দেশের সম্পৃক্ততার কথা উল্লেখ আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “পুরোটা না পড়া পর্যন্ত মন্তব্য করবো না।”
এর আগে গত রবিবার (৩০ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদনে বলা হয়, বিডিআর সদর দপ্তরের হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনাটির মূল সমন্বয়কারী হিসেবে তৎকালীন এমপি শেখ ফজলে নূর তাপসের নাম উঠে এসেছে।
কমিশন দাবি করেছে, ঘটনা সংঘটনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল। এমনকি ভারতের সম্পৃক্ততাও পাওয়া গেছে বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উপদেষ্টা এসব বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, “আমরা পুরো প্রতিবেদন পর্যালোচনা করছি।”
উপদেষ্টা জানান, কোর কমিটির সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
উপদেষ্টা বলেন, “ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা এখনই দিচ্ছি না। পরিস্থিতি অনুযায়ী তালিকা পরিবর্তন হবে। সংখ্যা চূড়ান্ত হলে জানাবো।”
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে যত বডি ক্যামেরা প্রয়োজন—সবই কেনা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় যেন কেউ সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে না পারে—এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাইরে থেকে কোনো উস্কানিমূলক প্রচার যেন না আসে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”
একটি রাজনৈতিক দলের সুপারিশে এসপি পদায়ন হয়েছে—এ অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, “এ ধরনের কোনো অভিযোগ কেউ করেনি। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”
উপদেষ্টা পরিষ্কার করে বলেন, “যে সংস্থা আড়ি পাতার আইনগত দায়িত্বপ্রাপ্ত, শুধুমাত্র তারাই আড়ি পাতবে। অন্য কারও এখতিয়ার নেই।”
