তারেক রহমান ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩১, ২ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা / ফাইল ছবি
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেননি। তিনি জানান, এখন পর্যন্ত তার ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।’
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান চাইলে, চাইবার সঙ্গে সঙ্গে তার ট্রাভেল পাস ইস্যু করা হবে। এখন পর্যন্ত তার ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।’
তিনি আরও বলেন, শুধু দল বা পরিবার সিদ্ধান্ত নিলেই বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকার প্রস্তুত।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।
সবশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন। এরপর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট তীব্র হয়। এ অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। সঙ্গে আরও কিছু জটিলতা আছে।
গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। রবিবার ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’
