অমিতাভ বচ্চনের কোনও ছবিই রিমেক করবেন না অভিষেক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮:১৫, ৩ ডিসেম্বর ২০২৫
বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের আইকনিক ছবিগুলোকে ঘিরে দর্শকের কৌতূহল কখনও কমেনি। বহুদিন ধরেই আলোচনায়—কোনও দিন কি বাবার কোনও ক্লাসিক ছবির রিমেকে অভিনয় করবেন অভিষেক বচ্চন? এবার সেই জল্পনায় নিজেই পূর্ণচ্ছেদ টানলেন ‘জুনিয়র বচ্চন’। জানিয়ে দিলেন—অমিতাভ বচ্চনের কোনও ছবিই তিনি কখনও রিমেক করবেন না।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিষেক। তিনি বলেন,“আমি কখনও বাবার কোনও ছবি নতুন করে বানাতে চাইব না। ছোটবেলা থেকেই আমি অমিতাভ বচ্চন হতে চেয়েছি। আমি তাঁর সবচেয়ে বড় ভক্ত।”
শুধু উত্তরাধিকার নয়, অভিষেকের অমিতাভ-ভক্তি শুরু হয়েছে অনেক আগেই—অভিনয়ে আসার বহু বছর আগে।
নিজের শৈশব স্মৃতি তুলে ধরে অভিষেক বলেন,
“একটা সময় ছিল যখন আমি শুধু বাবার ছবিই দেখতাম। তারপর বন্ধুদের নিয়ে বাড়ির উঠোনে পুরো ছবিটার অভিনয় করে ফেলতাম। ঝগড়া লেগে যেত—কে বচ্চন হবে!”
অভিষেক জানান, এটি তিনি পুত্র হিসেবে বলছেন না—একজন ভক্ত হিসেবে বলছেন। তার মতে, অমিতাভ বচ্চনের ক্লাসিক ছবিগুলি যেভাবে আছে, সেভাবেই থাকা উচিত—অক্ষত, অমলিন।
অভিষেকের মতে, শুধু তিনিই নন, পুরো এক প্রজন্ম অমিতাভ বচ্চনের অভিনয় দেখে বড় হয়েছে। তার চোখে বাবার কাজের প্রতি শ্রদ্ধা এতটাই গভীর যে তিনি মনে করেন—এই ইতিহাসকে নতুন করে বানানোর সাহস বা প্রয়োজন কোনওটাই নেই।
ক্যারিয়ারের দিক থেকে অভিষেককে শেষ দেখা গেছে সুজিত সরকারের আলোচিত ছবি ‘I Want to Talk’–এ।
এই ছবিতে অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা, একাধিক পুরস্কার—সবই কুড়িয়েছেন।
বলিউডে নিজের জায়গা শক্ত করতে করতে এখন তিনি নিজস্ব স্টাইলেই এগোচ্ছেন, বাবার পথ অনুসরণ নয়—তার প্রতি গভীর ভক্তি নিয়েই এগিয়ে চলা জুনিয়র বচ্চন।
