একই দিনে দুই ভাষায় আসছে শিরোনামহীনের ‘এই অবেলায় ২’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:৫৮, ২ ডিসেম্বর ২০২৫
শিরোনামহীনের ‘এই অবেলায় ২’। ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের শ্রোতাপ্রিয় গানগুলোর তালিকায় ‘এই অবেলায়’ বিশেষভাবে স্থান করে নিয়েছে। ২০১৯ সালে প্রকাশের পর গানটি দ্রুতই শ্রোতাদের হৃদয় জয় করে নেয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রকাশ পেতে যাচ্ছে গানের সিক্যুয়েল—‘এই অবেলায় ২’।
ব্যান্ডটির চলমান অ্যালবাম ‘বাতিঘর’–এর শেষ গান হিসেবেই প্রকাশ পাচ্ছে এটি। বিশেষ আকর্ষণ—গানটি আসছে বাংলা ও ইংরেজি–দুই ভাষায়। আগামী ৪ ডিসেম্বর, কিছুটা সময়ের ব্যবধানে একই দিনে ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হবে দুটি সংস্করণই।
গানটির কথামালা লিখেছেন ব্যান্ডের দলনেতা ও বেজিস্ট জিয়াউর রহমান—যিনি প্রথম গানটির লেখকও ছিলেন। সুর ও কম্পোজিশন ছাড়াও এবার মিউজিক ভিডিওর পরিচালনায় উঠে এসেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমেদ শাফিন।
জিয়াউর রহমান সমাজকালকে বলেন, "‘এই অবেলায়’ প্রকাশের পর থেকেই সিক্যুয়েল নিয়ে শ্রোতাদের প্রবল চাহিদা ছিল। প্রথম অ্যালবামের ‘হাসিমুখ’ গানটিতেও এমন প্রতিক্রিয়া পেয়েছিলাম। তাই ‘বাতিঘর’ পরিকল্পনার সময় থেকেই আমরা সিদ্ধান্ত নিই—‘এই অবেলায়’-এর একটি নতুন অধ্যায় তৈরি করব।”
গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম তিন দ্বীপে—কো খাম, কো মাখ ও কো চ্যাং। এতে মডেল হয়েছেন নীল হুরেরজাহান।ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড।
শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘ক্লান্ত কফি শপ’, যা ‘বাতিঘর’-এর নবম ট্র্যাক। সেই ধারাবাহিকতার শেষ সংযোজন হিসেবে আসছে ‘এই অবেলায় ২’, যা ব্যান্ডটির ভক্তদের কাছে নিঃসন্দেহে বড় প্রত্যাশার জায়গা তৈরি করেছে।
