শাকসু নির্বাচন
মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই ৪৬ জনের ফরম সংগ্রহ
সিলেট ব্যুরো
প্রকাশ: ২০:৫১, ২ ডিসেম্বর ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু। ছবি: সমাজকাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ মঙ্গলবার। প্রথম দিনেই কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৬টি এবং হল সংসদের বিভিন্ন পদের জন্য আরও ২০টি মনোনয়নপত্র বিতরণ করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।
মনোনয়ন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় নথির তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—কেন্দ্রীয় ছাত্র সংসদ পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহে ৩০০ টাকা।হল সংসদের পদের জন্য ২০০ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে।
মনোনয়ন দাখিলের সময় জমা দিতে হবে—জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি, ডোপ টেস্টের রশিদ।নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবার ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবার শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। এর মধ্যে—ছাত্র ভোটার-শাহপরাণ হল: ২,২২০ জন, বিজয়-২৪ হল: ২,১৫৬ জন ও সৈয়দ মুজতবা আলী হল: ১,৪২২ জন।
ছাত্রী ভোটার-আয়েশা সিদ্দীকা হল: ১,৩৪৪ জন, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল: ১,৩০৬ জন, ফাতিমা তুজ জোহরা হল: ৬৭৬ জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভোটার তালিকা অনুযায়ী এবার ছাত্রীদের ভোটার উপস্থিতিও উল্লেখযোগ্য, যা নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।
শাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি ২০২৬।ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর আবহ ইতোমধ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে। প্রথম দিনেই ৪৬টি মনোনয়ন সংগ্রহ হওয়ায় কমিশন ধারণা করছে—এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত।
