আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২১:১০, ২ ডিসেম্বর ২০২৫
জব্দ হওয়া গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুজন। ছবি: সমাজকাল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ এক যুবদল নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকপাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কামরুল হাসান (৪০) উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার সহযোগী গোলাম রাব্বি (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার হয়। তবে দুপুরের পর খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি করে।
বিকেলে মাদক আইনে মামলা করে কামরুল ও রাব্বিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রাইভেটকারটিকে থামানো হয়। ভেতরে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা পাওয়ায় কামরুল ও রাব্বিকে গ্রেপ্তার এবং গাজাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘কামরুল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি যে মাদক ব্যবসায় জড়িত, তা আমি জানতাম না। পুলিশ গ্রেপ্তারের পর নিজেই বোকা বনে গেছি। বিষয়টি জেলা কমিটিকে জানিয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
