বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী: সরফুদ্দিন আহমদ সান্টু
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০১:০২, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:১১, ৮ নভেম্বর ২০২৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা। ছবি: সমাজকাল
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমদ সান্টু বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।”
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সান্টু বলেন, “বিএনপি থেকে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়ে আমি কৃতজ্ঞ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। ধন্যবাদ জানাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।”
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তাহলে নির্বাচনের পর আর কারও দরজায় যেতে হবে না—নেতারাই আপনাদের বাড়িতে গিয়ে খোঁজ নেবেন। আমি বিজয়ী হলে জনসেবা পৌঁছে যাবে দোরগোড়ায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিয়া এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. এমরান হোসেন প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহম্মেদ মৃধাসহ স্থানীয় নেতারা।
