পুঁজিবাজারের ১১ প্রতিষ্ঠান প্রভিশন সংরক্ষণের অতিরিক্ত সময় পেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৭, ২ ডিসেম্বর ২০২৫
ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: ফাইল।
পুঁজিবাজারের ১১টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় সংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টক ব্রোকার-ডিলার ও মার্চেন্ট ব্যাংক রয়েছে।
বিএসইসির ৯৮৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এর আগে দুই দফায় আরও ৩৬টি প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের কারণে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১টি প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় সংক্রান্ত অ্যাকশন প্ল্যান পর্যালোচনা করে শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেড, বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড, হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেড, জিএমএফ সিকিউরিটিস লিমিটেড, ওয়াইফ্যাং সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড, বিএনবি সিকিউরিটিজ লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড।
এর আগে কমিশন সভায় ৮টি প্রতিষ্ঠান এবং ১৪ নভেম্বরের ৯৮৪তম কমিশন সভায় ২৮টি প্রতিষ্ঠানের নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তব লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
বিএসইসি জানিয়েছে, প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় কার্যক্রম সম্পন্ন না হলে পুঁজিবাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতায় প্রভাব পড়তে পারে। তাই কমিশন শর্তসাপেক্ষে সময়সীমা বাড়িয়ে প্রতিষ্ঠানগুলোর জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করছে যাতে তারা সঠিকভাবে আর্থিক হিসাব ও প্রভিশন ব্যবস্থা সমন্বয় করতে পারে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ প্রতিষ্ঠানগুলোকে তাদের নেতিবাচক ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস মোকাবেলায় সহায়তা করবে এবং বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
